স্বজন যাপন
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞∞∞
অনেক স্বজন,চারিদিকে অনেক মুখ
অনেক চেনা চতুর্দিকে মনের অসুখ
অনেক শব্দ বিড়ম্বনায় বড্ড বিষাদ
অনেক সুখেও মিলনমেলায় বাধে বিসম্বাদ।
একটু রোসো অনেক বলতে বলছটা কী
অনেক আদল সুবিধাবাদী তাকিয়ে দেখি
হৃদয়পুরে বাস করে ভাই অনেক মুখ
সঙ্গেই আছে বুঝিয়ে দিতে খুব উৎসুখ।
স্বজন নিয়ে তোমার এই যে ভালো বাসা
স্বজন ঘিরে আদর সোহাগ কাঁদা হাসা
স্বজন হল সুখের পায়রা বক বকম
স্বজন ভেবেই প্রানান্তকর করছি শ্রম।
বেলা থাকতে চেনা স্বজন বৃত্ত গড়ে
প্রাণের দামে ভাষায় আশায় একনাগাড়ে
বেলা শেষে স্বজন কোথায় হাতড়ে চলি
স্বজন বিহীন দ্বিধায় মোড়া গৃহস্থালি।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন