বিপন্ন ধর্ম ও কর্ম
-অশোক কুমার পাইক
∞∞∞∞∞∞∞∞∞∞
ধর্মের আকাশে একঝাঁক পতঙ্গ উড়ছে
কর্মের আকাশে একঝাঁক মানুষ ঘুরছে,
ধর্মের আর কর্মের বৈশিষ্ট্য এতই বৈষম্য
কে বা উড়াইবে মৈত্রীর পতাকা অদম্য l
অন্তরের দগ্ধ আগুনে জীবনটা পুড়ছে ll
ধর্মের হিড়িক তুলে মানুষের কর্মের গতি
বিচ্ছিন্নতায় ধ্বংস করে যত উন্নত প্রগতি,
বিভাজনে সিদ্ধহস্ত, উজ্জ্বলহীন লোচনে —
চরম সংকট হানে,ভঙ্গুরে ওস্তাদ গোপনে l
ব্যর্থ দেশের নাগরিক দিনান্তে চঞ্চল মতি ll
সংলাপে পুষ্ট দণ্ডমুন্ডের সহস্র কর্তাগণ,
অলক্ষ্যে জাতিবিদ্বেষে সদা মুখ্য ইন্ধন ;
সুযোগসন্ধানীরা, মৈত্রীর বন্ধন চায় না
বিভেদের বিষে মানুষেরা মুক্তি পায় না l
জীবন উদ্দীপনা বারেবারে করে খণ্ডন ll
অস্তিত্বের লড়াই আজ জীবন সংগ্রামে
অরক্ষিত বাসযোগ্য ভূমিই আঁধার নামে,
কর্মহীন, উদ্যমহীন ধর্মের টানাপোড়েনে–
বেচারা জাতি অহরহ ঈশ্বর আল্লা টেনে
মুক্তির দিশারীর সন্ধানে আতঙ্কিত ধামে ll
যাদের ঐ উচ্চলোভী, উচ্চাকাঙ্খার স্বপ্ন–
তারাই করছে ভিন্নজাতির দ্বন্দ্বে বিচ্ছিন্ন,
স্বপ্নের দেউলে নিপীড়িত কোটি জনগণ
একটু স্বস্তি চায় কর্মের আর ধর্মের বন্ধন l
হতাশা, বিপন্নতায় অনুভূতি আজ নগন্য ll
∞∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l