ধ্রুবতারা
-অশোক কুমার পাইক
≈≈≈≈≈≈≈≈≈
মম অন্তর জ্বালা জুড়াইতে আসি তব পদতলে,
অনল দহনে দহিয়া দহিয়া মোর মনপ্রাণ জ্বলে,
অতল সাগরে ডুবিয়া যাই কূল নাহি ফিরে পাই
কাহারে করিব ধ্রুবতারা কোথা যেন ভেসে যাই ;
চিত্ত দুলিয়া উথলিয়া উঠে অনুতাপে প্রাণগলে ll
ভগ্ন অন্তরে পাথর চাপিয়া দিবসের ঐ দিনমণি
আলোক লইয়া চলিয়া যায় আঁধারের আগমনী l
তখনি বিষাদ ছায়ারা জড়ায় বিবর্ণময় যৌবনে
রজনীর রূপগন্ধা ছলনে পতিত হই তব চরণে,
স্মরণাগত কিঙ্কর ভয় উদ্বেগে স্মরি যে তখনি ll
যাতনে মনের মাধুরী শুকায় শান্তিবারি সিঞ্চনে
তব দুর্লভ প্রেম লভিতে ছুটি উদাস আকিঞ্চনে
প্রপঞ্চ মায়ায় আকৃষ্ট নহি, তিতিল বসন মোরে
বাঁধনহারা এই নয়নের জলধারা বহিছে জোরে,
জীবনে তিতিক্ষা, বিতৃষ্ণা, সুধাহীন সুখ বঞ্চনে ll
বন্ধ্যা সমীরে প্রবাহিত জীবন ছন্নছাড়া দেউলে
জগৎ জুড়িয়া বিরহের দুখ, বাঁধিল বাঁধন খুলে,
সর্বগ্রাসী অন্তর জ্বালা আমার এই দগ্ধ জীবনে,
দুঃখ বেদনা সহিতে নারি তব লভিতে নিরজনে,
তুমি ধ্রুবতারা, তব চরণে নিবেদন করি ব্যাকুলে ll
≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন