মন রাঙানোর দারুণ এ সময় -পীতবাস মণ্ডল

মন রাঙানোর দারুণ এ সময়

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈

কাঁধের উপর চিবুক ছুঁইয়ে

বসন্ত বিলায় উষ্ণ আলিঙ্গন ,

এখন যদিও দরদী ফাল্গুন

সম্মুখে দাঁড়িয়ে উপোসী শ্রাবণ ।

রসে বসে উতলা শিমুল

কৃষ্ণচূড়ার বনে আনন্দের ঢল ,

গহীন প্রেমের আগল খুলে

ভ্রমর ভ্রমরী খুশীতে বিহ্বল ।

আউশ ধানের সবুজ পাতায়

মিঠেল হাসির সূর্য কিরণ ,

সরষে ফুলের সংলাপে ঐ

তোমার জন্যে আমার মরণ ।

বাবলা বনের ফাঁকে ফাঁকে

চৈতালী চাঁদ দিচ্ছে উঁকি ,

ফাগুনের ফাগে মন রাঙানিয়া

আমের মুকুল বেজায় সুখী ।

কচুরিপানার দীঘল চোখে

স্বপ্নীল সুখের আলাপন ,

চাঁপার কানে অলির গুঞ্জরণ

কোকিলের কন্ঠে বিরহের কথন ।

কামরাঙা মেঘ চাকিয়ে কাপড়

ঐ সঙ্গী হতে দিচ্ছে দেখা ,

খেজুরের চামর দোলায় মাথা

সজিনা যেন বসন্তের সখা ।

সম্মুখে ঐ মরমীয়া পলাশ

সমস্ত দিন পাপড়ি ঝরায় ,

ফুলের গন্ধে বাতাস মুখর

মন রাঙানোর দারুণ এ সময় ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

পীতবাস মণ্ডল । গ্ৰাঃ+পোঃ – যোগেশ গঞ্জ । জেলা উঃ ২৪ পরগনা । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *