ডাক হরকরা -বিকাশ চন্দ্র মণ্ডল

ডাক হরকরা

-বিকাশ চন্দ্র মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞

আমি ডাক হরকরা , ডাকিয়া নয় তো পিওন –

রানার, আমাকে যে নামেই ডাকো না কেন

চিরদিনই স্মৃতি রোমন্থনে ফিরে ফিরে আসব যেন।

ছিলাম আমি তোমাদের সকলের খুবই আপনজন

মোবাইল ইন্টারনেট চ্যাট এসব কিছু ছিল না যখন।

সবাকার বার্তা পৌঁছে দিয়েছি শত দুঃখ যন্ত্রনা সয়ে সয়ে নিরন্তর

একটা চিঠি – কল লেটার পেলে, কত খুশি হত যে অন্তর।

আজ একটা মাত্র চিঠি বা কল লেটার তুমি কি পাও ?

চিঠি লেখাটাই ভুলে যেতে চলেছে মানুষ, আর কল লেটার!

চাকরির বাজারে অলীক কল্পনা, নেট হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারেই সব

দেখতে পাবে না আর হলুদাভ করা ঐ কার্ডটাকে

পোস্টকার্ড নামে সকলেই চিনতে যেটি এক ডাকে।

কার্ডখানা পেতে কত মানুষ, কত বিনিদ্র রাত জাগে

কত প্রেমিক – প্রেমিকা প্রাপ্তি প্রদানে নূতন ঘর বাঁধে।

সাহিত্য দরবারে কত পত্র সাহিত্য রচনার পান্ডুলিপি সংরক্ষিত থাকে

ডিজিটাল এই যুগে পোস্টকার্ডের চল হারিয়ে যে গেছে

কালের যাঁতাকলে এখন খুঁজলে পাব কি আর তাকে ?

লালরাঙা ডাকবাক্স বা লেটারবক্স যাই নাম বল

দেখেছি গায়ে পিনকোড নাম্বার কিছু লেখা ছিল।

ডাক পিওন বাক্সটিকে নিয়মিত বার দুয়েক খুলত

থেকে থেকে বার হত মানুষের আনন্দ – দুঃখ, শোক সংবাদ অবিরত।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।

গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।

কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন।

শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।

একক কাব্য গ্রন্থ ‘ অনুভব ‘ ‘ অনুরণন ’ ও ‘অপরাহ্নের প্রেয়সী ‘ ( পঞ্চবান শৈলীতে ) , ‘ অনুরাগ ‘ ( হাইকু শৈলীতে ) , ‘ অনুভূতি ‘ ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , ‘ অনুভা ‘ ( অনুভাষ শৈলীতে ) প্রকাশিত হয়েছে । রাজ্য দেশ তথা আন্তর্জাতিক স্তরে বাংলা সাহিত্য সাধনায় ব্যাপ্ত রয়েছেন।

রুক্ষ মাটির ঊষরতা কবিকে করেছে আত্মপ্রত্যয়ী, মধ্যবয়সে এসে জীবন বোধে স্থিতপ্রাজ্ঞ হয়ে জীবন সম্পর্কে কবির বহুবর্ণীল অনুভূতি মালা সদ্য প্রকাশ পেয়েছে ” অনুভাবিত ” বিশেষ কবিতা সংকলনে।

Check Also

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু

ভোর হলে বসন্ত -মীনা কুণ্ডু ∼∼∼∼∼∼∼∼∼∼ ভোর হলেই বসন্ত সোনালী আলোয়‌ দিগন্ত নতুন রূপে প্রকৃতি …

One comment

  1. Baishakhi Mandal

    স্মৃতি মেদুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *