আলোক লুকায় -অশোক কুমার পাইক

আলোক লুকায়

-অশোক কুমার পাইক

≈≈≈≈≈≈≈≈≈≈

ধরণীর কোলে ডুবিছে হায় দিবসের দিনমনি

ফিরিছে কূলে আকুল মাঝি বাইয়া যে তরণী,

আলোক লুকায় মাঝদরিয়ায় বিষণ্ণতার সুরে

নদী মাঝ ছাড়ি গাঙচিলেরা কোথা যায় উড়ে l

ঐ সুমধুর ভাটিয়ালী গান ভেসে আসে কূলে,

শূন্য দরিয়ায় কলধ্বনি বহে সারাজগৎ ভুলে ;

দু’পাশে দূরে বাইয়া ধীরে মাঝিরা যায় ফিরে

পশ্চিম পারে গাছের আড়ে সূর্য ডোবে ধীরে l

ঝাঁকধরে ওই ফিরিছে নীড়ে বনের যত পাখি,

সারি সারি ওই ধবল বকেরা উড়ে যায় ডাকি,

নিমেষে তারা শূন্যে মিলায় কোথা দেয় পাড়ি

নাই অবকাশ, ক্লান্তশ্বাস, গগনের পথে ভারি l

ঢেউ যে ঠেলে দাঁড়বেয়ে মাঝিরা ফেরে ঘাটে

জগৎ জুড়িয়া আঁধার নামে সূর্য ডোবে পাটে,

গোয়ালে ফেরে মাঠের গরু উড়িয়ে যত ধুলো

সকলই খেলা সাঙ্গ করে গাঁয়ের বালকগুলো l

কাজের লোক ফিরিছে ঘরে সন্ধ্যা নামে মাঠে

ঘোমটা টানা গাঁয়ের বধূরা কলসি ভরায় ঘাটে,

হাট থেকে ফিরিছে পথিক বাজার কাঁধে লয়ে

ধরণীর বুকে কৃষ্ণ আঁধার নামিছে ধীরে ক্ষয়ে l

≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

হিমেল রাতের বিষ-ফুল : কৃষ্ণনীল

হিমেল রাতের বিষ-ফুল -কৃষ্ণনীল ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আকাশের ক্ষত থেকে ঝরে পড়া লালচে-কুয়াশায় আমি লুকিয়ে থাকি, সোনালি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *