কিপটে -প্রিয়াংশু বিশ্বাস

কিপটে

-প্রিয়াংশু বিশ্বাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼

সকাল তখন আটটা বাজে, চাইম শোনায় ঘড়ি,

আজকে মেনু ইলিশ ভাপা, শুক্তুনি চচ্চড়ি ।

আজ রোববার মাংস খাবার, জুড়লেও আহ্লাদও,

ফ্রিজে ছিলো ইলিশ রাখা, কত্তা বলেন, “রাঁধো” ।

খানিক পরে কত্তা হাঁকেন, “রান্না বাকি কতো ?

একটু যদি, আসতে তবে, ভীষণ ভালো হতো ।

ভীষণ হচ্ছে, হাঁটুর ব্যথা, শুনছো হ্যাঁ গো, জানো,

পারলে যাও না, পাশের বাড়ি, ব্যথার মলম আনো ।

হাঁটুর দেখছি হালত খারাপ, দেখছো কেমন ফুলে,

সকাল থেকে খাটের উপর, তাই রেখেছি তুলে ।”

গিন্নী ছিলেন রান্নাঘরে, আসেন রান্না রেখে,

কপাল ঘামে মুছতে মুছতে, হাঁটু টিপে দেখে ।

“সহ্য করো,” বললে গিন্নী, প্রচন্ড নাক সিটকে,

“না দেবে না, মরে গেলেও, লোক ওরা খুব কিপটে ।”

কত্তা বলেন, “এত্তোখানি কিপটে হলে হবে ?

দেরাজ থেকে আমাদেরটাই বের করে দাও তবে ।”

∼∼∼∼∼∼∼∼∼∼∼

সংক্ষিপ্ত কবি পরিচিতিঃ

প্রিয়াংশু বিশ্বাস একজন সরস ও ব্যঞ্জনাময় কবিতার লেখক । বর্তমানে তিনি দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত উস্থি থানার সন্নিহিত উত্তর কুসুম হাই স্কুলের ইংরেজি বিভাগের একজন সহকারী শিক্ষক । তাঁর কবিতায় উঠে আসে সামাজিক অবক্ষয় থেকে শুরু করে বিভিন্ন অরাজকতা প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, তবে মজার ছলে । রাজনৈতিক বা ব্যক্তি আক্রমণ বা অশ্লীলতা নেই তার লেখায় । মানুষ হাসতে ভুলে গেছে, তাই সকলকে প্রাণখোলা হাসির নৈবেদ্য এই কবিতাগুচ্ছের উপস্থাপনা । আমার প্রকাশিত কবিতার মজার কাব্যগ্রন্থগুলি হলো – [1] ‘মিছিমিছি’, [2] ‘পান সুপারি’, [3] ‘ভূমিকম্প’, [4] ‘বাপের বাড়ী’, [5] ‘Blue Blood’ (ইংরেজি মজার কবিতার বই), [6] ‘সবুজ কন্যা’, [7] ‘কর্তা-গিন্নী সমাচার’,[8] সমস্ত হৈচৈ চলবে ।

Check Also

রক্ত ঝরে ঘামে -মীনা কুণ্ডু

রক্ত ঝরে ঘামে -মীনা কুণ্ডু ———————— কাস্তে হাতুড়ি নিয়ে হাতে থাকত শ্রমিক দুধে ভাতে পেটের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *