জননী গো পেতে রেখো
-শান্তি পদ মাহান্তী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
নাই পরিচয় ধর্ম তোমার
এক পরিচয় নারী,
তোমার তরে বিশ্ব ভরে
একই নিদান জারি।
নীতির নিগড় পরিয়ে পায়
আগড় দিয়ে ঘরে,
ধর্ম তোমায় চোখ রাঙিয়ে
বিধান জারি করে।
নাই জাতি দেশ নাই সীমানা
হে আদমের কন্যা,
বিশ্ব জুড়ে বইছে আজও
তোমার চোখে বন্যা।
কেউ সহেনি বিশ্ব ভরে
ব্যথা তোমার তুল্য,
স্বার্থ বাধায় যুদ্ধ দাঙ্গা
তুমি চোকাও মূল্য।
বিশ্ব প্রাণের ধাত্রী মাগো
জন্ম তোমার জন্য,
স্নেহ ধারায় পিযুষ পানে
জীবন সবার ধন্য।
হিংসা ভরা ক্লান্ত ধরা
রক্তে ভেজা মাটি,
জননী গো পেতে রেখো
স্নেহের শীতল পাটি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।পেশায় একজন শিক্ষক।কবিতা পড়তে ও লিখতে ভালোবাসি।আমার কোনো একক কাবগ্ৰন্থ এখনো প্রকাশিত হয় নি।তবে সন্মিলিত ভাবে দুটি কাব্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন