পথহারা পথিক -অশোক কুমার পাইক

পথহারা পথিক

-অশোক কুমার পাইক

≈≈≈≈≈≈≈≈≈

আমায় তুমি লবে পথহারা এক পথিক আমি,

কোন সে কবে হাঁটা শুরু কোথায় গিয়ে থামি l

যেথায় থামি শূন্য সবই,

সবই মৌন মলিন ছবি,

পরাণ ভরে কেউ ডাকে না পথের পরে নামি l

পথের শেষে পথ যে আছে সে পথে মোর মানা,

সে পথ দিয়ে তোমার চলা অসীম আলো টানা l

আমার পথে আঁধার নিশা

হারিয়ে ফেলি পথের দিশা

ক্লান্ত চরণ, ভূলোক হরণ, আর তো নেই জানা l

বেদনা আমার ক্লান্তি আনে, চরণ যুগল ভারি,

তৃষ্ণা পেয়ে কণ্ঠ শুকায় আর না চলতে পারি l

তপ্ত ধুলায় হাঁটি আমি

প্রলয় ঝড়ে দিবসযামি

সেই নিকেতন খুঁজে ফিরি সকল হিসাব ছাড়ি l

হাত দুটি মোর কেউ ধরে না পার করে না খেয়া,

বিপদ ভঞ্জন নেই যে ঘাটে, ঝরছে পাতা কেয়া l

জগৎজুড়ে আঁধার নামে

অবস নেব কার বা ধামে

পার করো গো খেয়া তুমি, মোর প্রাণের দেয়া l

অনেক আগে সন্ধ্যা নামে ঐ যে গাঁয়ের কোলে,

অদূর দূরে ক্ষীণ আলোকে দীপের শিখা দোলে l

কোথা থেকে কোথায় এসে

বিপদ আমায় বাড়ায় শেষে

দাঁড়িয়ে কাঁদি পথের পরে মেঘ যে সাড়া তোলে l

≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

হুলিয়া জারি -মীর সেকান্দার আলী খোকা

হুলিয়া জারি -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ হুলিয়া জারিতে মুক্তিযুদ্ধ এখন ফেরারি, জাতীয় পতাকা ভিজছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *