শৈশব
-বিপ্লব শামীম
≅≅≅≅≅≅≅≅≅≅
মনে পড়ে সেই ছোট্ট বেলা?
হইহুল্লোড়ে মাতিয়ে রাখতাম বাড়ী!
সবাই মিলে জুলাপাতি খেলতাম
ছিল ছোট্টছোট্ট পাতিল আর হাড়ি!
কাঠাল পাতা দিয়ে করতাম বাজার
চলতো মিছিমিছি রান্নাবান্না,
কাঁচামরিচ আর পিয়াজের ঝাঁজে
করতাম অভিনয়ের কান্না!
সবাই মিলে খেলতাম আমরা
মার্বেল, টিলোস্প্রেস, গোল্লাছুট!
দাড়িয়াবান্ধা আর হাডুডু খেলে
কখনো বা পেতাম চোট!
পাখির বাসার খুঁজে উঠতাম গাছে
ধরতাম শালিক, ঘুঘুর ছানা
রাজ ফড়িং এর খুঁজে ঘুরতাম মাঠে
দিনগুলি ছিল ভরপুর দুরন্তপনা!
বর্ষার আগমনে নতুন পানিতে
আসতো কৈ, শিং, আরো বহু মাছ,
টর্চ লাইটের আলোয় ফস্কা দিয়ে
মাছ ধরে করতাম ঢের উচ্ছ্বাস!
খুব চুপিসারে আমগাছে উঠে
খেতাম পাঁকা পাঁকা আম,
বাড়ীর কোণের লম্বা জামগাছে উঠে
পাড়তাম মিষ্টি রসালো জাম!
বর্ষার নতুন পানিতে গোসল করতে
কাটাতাম ঘন্টার পর ঘন্টা,
লুঙ্গি ফুলিয়ে থাকতাম ভেসে
এখনো শৈশবে ছুটতে চায় মনটা!
বাবার সাথে ঝাঁকিজাল দিয়ে
ধরেছি কতো যে মাছ!
মায়ের হাতের ভাজা মাছ ছিল
অপূর্ব স্বাদের ঝাঁজ!
কি মজায় দিনগুলি কাটিয়েছি
দুরন্তপনার সেই শৈশবকালে!
গোটা বাড়ীকে মাতিয়ে রাখতাম
হইহুল্লোড় আর কোলাহলে !!!
≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম।
ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।
ধন্যবাদ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন