আজ আবার তুমি এলে.. -সন্দীপ সাঁতরা

আজ আবার তুমি এলে..

-সন্দীপ সাঁতরা

∼∼∼∼∼∼∼∼∼∼

আজ আবার তুমি এলে…

উন্মাদ, নির্মম, দীপ্ত।

আমি চোখ নামিয়ে রাখলাম ধুলোর দিকে,

যেন ধুলোই আমার একমাত্র আয়না।

তোমার পদচিহ্নে জেগে উঠল নীল আগুন,

শিরায় শিরায় কেঁপে উঠল আদিম লজ্জা।

তুমি হাসলে…

সেই হাসিতে ভেঙে গেল সময়ের কাঁচের দেয়াল।

আমি মুঠো ভরে ধরতে চাইলাম অন্ধকার,

কিন্তু তা গলে গিয়ে হল তোমার ছায়া।

তোমার কাঁধে ঝুলে থাকা জ্যোৎস্না

আমার সব উচ্চারণ নিঃশব্দ করে দিল।

তুমি বললে না কিছুই…

তবু বাতাসে ভেসে এলো

সৃষ্টির প্রথম আর্তনাদ,

শেষ প্রার্থনার দীর্ঘশ্বাস।

আমি তখনো মাটির দিকে তাকিয়ে…

কারণ তোমার চোখে যে আকাশ,

তার উচ্চতা মাপার মতো

ডানা এখনো জন্মায়নি আমার।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

সন্দীপ সাঁতরা — কবি, লেখক ও আবৃত্তিকার। ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের সবুজে ঘেরা গ্রামে। শৈশব থেকেই প্রকৃতির নীরবতা ও মানুষের জটিল সম্পর্ক তাকে টেনে নিয়েছে ভাবনার জগতে। তার কবিতায় মেলে সমাজের দ্বন্দ্ব, প্রেমের কোমল পরশ, বেদনার গভীরতা এবং মানবিকতার আহ্বান। বহু কবিতা ও গদ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়ে পাঠকের মনে জাগিয়েছে অনুরণন। তার কলম শুধু শব্দ নয়.. যেনো এক অন্তর্জগতের সেতুবন্ধন, যা পাঠককে নিয়ে যায় আত্মঅন্বেষণের পথে। তাঁর প্রথম প্রকাশিত কন্যা গ্রন্থ ” খোলা পাতার চিঠি”

Check Also

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র ∞∞∞∞∞∞∞∞ এখনও দরজার পাশে নড়ে ওঠে একটি ছায়া… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *