দাঁড়িও খোলা বাতায়নে
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
দাঁড়িও খোলা বাতায়নে অপলক দু’চোখে তাকিয়ে,
দাঁড়িও কপালে কালো টিপ খোঁপায় বেলী জড়িয়ে।
দাঁড়িও শুভ্র শাড়িতে দিগন্তে মাতাল সুবাস ছড়িয়ে,
আসবো ফিরে তোমার নীড়ে স্বর্গীয় প্রেমি সাজিয়ে।
গড়িয়েছি হাতের চুড়ি পায়ের নূপুর গলার মণিহার,
মাথায় সিঁথি পাটি কানে দুল পড়াবো ভালোবাসার।
শন শন বইবে হাওয়া, উড়বে শাড়ির আঁচল মন্থরে,
দেখবো দু’চোখ ভরে, বলবো কথন অন্তরে অন্তরে।
ডাকছে আঁকাবাঁকা মেটো পথ হারাতে দূর দিগন্তে,
তোমার স্বপ্নময় আকাশে আজও আমিও দিনান্তে।
বেলা শেষে আসিও পাশের ওই সান বাঁধানো ঘাটে,
আজি চাঁদের সাথে কইবো কথা বিদ্যালয়ের মাঠে।
পিরিত জ্বলে মায়ামী বলে কেন গো চোখের জলে,
গাঁথা হেন স্বপ্ন-আশার বিনা সুতার বিছা কটি বলে।
জানি এ জীবনে আসুক না যতই ঝড় আঁধার রাত্রি,
স্বপ্ন মল্লিকা তুমি ছিলে, রবে জনম জনম সহযাত্রী।
ভাবনায় হারিয়ে স্বপ্ন ডানায় ভর করে হৃদয় দোলে,
প্রকৃতির মায়াবী কন্যা তুমি দেখবে যে চোখ মেলে।
বাঁধন হারা চপলা সখি আমার বিমূর্ত সাঁঝের পাখি,
মেহেদি রাঙা হাতে রাঙা অধরে আলতো চুমু রাখি।
অতুল্য গায়ের রূপ-শ্রী, লাজে আঙিনার ফুলগুলি,
সাধনার পূর্ণতার আনন্দে মন গাইবে গান মন খুলি।
মন আমার ভালোবাসা ঘিরে থাকবো স্বপ্নীল তীরে,
দাঁড়িও খোলা বাতায়নে দ্বার খুলে পাবে গো ফিরে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন