অণুগল্প
সাদা মনের মানুষ কাজী মোহাম্মদ আলী
-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া
∞∞∞∞∞∞∞∞
চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বানানোর পিছনে ছুটেন নাই। সঞ্চিত অর্থ পুরোটা তুলে দিয়েছেন ক্যান্সার হাসপাতালে শিশুদের চিকিৎসায়। তিনি কোনো কোটিপতি নন। তিনি মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরিধান করে সাধারণ জীবন যাপন করতেন। ঔষুধ কোম্পানিতে সাধারণ চাকুরী করতেন। পরিবার নিয়ে সাধামাটা সংসার চালাতেন তিনি। নিজের তিলে তিলে জমানো টাকা দিয়ে তিনি ইচ্ছা করলে গাড়ি, ফ্ল্যাট বাড়ি করে বিলাসী জীবন যাপন করতে পারতেন।কিন্তু কাজী মোহাম্মদ আলী তা করেননি।
তিনি সবগুলো টাকা ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করে দিয়েছেন। কত বড় সাদা মনের মানুষ হলে বর্তমান এই জামানায় এমন মহৎ কাজ করতে পারে। তাকে তার অনুভূতি জিজ্ঞেস করতেই তিনি বললেন, “আমি পঞ্চাশ ভাগ খুশি হয়েছি টাকাটা তুলে দিতে পেরে।শতভাগ শান্তি পাবো যখন শুনবো এই সহায়তায় ক্যান্সার আক্রান্ত কোনো শিশু চিকিৎসা শেষে জীবন নিয়ে বাড়ি ফিরেছে।”
এই নিভৃতচারী সাদা মনের মানুষগুলোর মহৎ জীবনী গল্প আমাদের স্কুলের পাঠ্যবইয়ের পাতায় অন্তর্ভূক্ত করা উচিত। এরা আমাদের জাতীয় বীর। এদের এই মহৎ জীবনী গল্প পড়ে আমাদের ছেলে মেয়েরা এমন মহৎ কাজ করতে উদ্যোগী হবে। তখন সমাজ তথা দেশ হবে সুখী ও সম্বৃদ্ধ।
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতিঃ
কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।
তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।
মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।
তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’, পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ও কবি বন্ধু সাহিত্য পাতা কর্তৃক ‘কবি নজরুল এওয়ার্ড-২০২৫ ইং’ অর্জন করেছেন।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন