যুবগোষ্ঠী -অশোক কুমার পাইক

যুবগোষ্ঠী

-অশোক কুমার পাইক

≈≈≈≈≈≈≈≈≈

যুবকরাতো উৎসবেতে মেতেই থাকো রোজ

খিদে পেলে চেয়েও না কিন্তু গরম গরম ভাত ?

তোমাদেরই উল্টো যুক্তি বোঝালে বড় বিপদ

খেলা, মেলায় গা যে ভাসাও অলস দিনরাত l

উৎসবেরই জোয়ার স্রোতে তামাম যুবগোষ্ঠী,

অন্ধকারের অতলতলে ডুবছে মাদকনেশায়,

ভবিষ্যতের ভাবনা তাদের দাগ কাটে না মনে

অর্থ আয়ের চেষ্টা কভু কেউ করে না পেশায় l

সব দেবতার টিকি ধরে আনছে যত পাড়ায় ?

গন্ডগোল ও জুলুমবাজি লেগেই আছে নিত্য,

জোরপূর্বক চাঁদার টাকা আদায় করছে পথে

বন্ধ হয় না মাইক, ডি জে, বাজায় অবিরত l

ওদের ঐ কর্মকান্ডের রোজ যে প্রভাব পড়ে

গ্রামবাসী ও সমাজজুড়ে নিরীহ নরের মনে,

বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর অবজ্ঞা আর ঘৃণা,

শিশুমনের উড়তি বিকাশ ধ্বংস করে ক্ষণে l

কারোর তারা ভয় করে না, ভক্তি, শ্রদ্ধাহীন,

কুকর্মের আড্ডা আসর, বাড়ির কর্ম ফেলে,

স্নান, আহারের বেলা গড়ায় বাবুরা মশগুল,

শান্ত সমাজ তিক্ত করে কুশ্রী স্বভাব মেলে l

জীবন গড়ার চিন্তা ডোবায় সাত সমুদ্রতীরে

মানের মুকুট কেউ চাহে না কলঙ্ক দাগ রাখে,

জীবনখাতায় বর্বরতার ছাপ যে লাগায় ওরা

সমাজ আর সংসারেতে নিন্দার কাজ মাখে l

ওরা অলস, অবচেতন, জ্ঞান পাপীদেরধারা,

জীবনযুদ্ধে আগ্রহ নেই নতুনের পানে ছোটা,

লক্ষ্যবিহীন, বিপদগামী মরীচিকা পথ ঘোরে,

জয়মাল্য পরতে দ্বিধা – জয় তিলকের ফোঁটা l

মজার নেশায় মনটা টানে অদৃশ্য কোন হাত

সেই হাতেরই ছোঁয়ায় তারা মজছে দিনরাত,

প্রহর বেলা, রাত্রি কাটে, মা যে থাকে জেগে,

বাবুদের রাগ, না পেলে যে গরম গরম ভাত l

কোন কম্মের ঢেঁকি তোরা সংসারেতে থেকে ?

হাত নড়ে না, পা নড়ে না,ভালো কর্মের তরে,

সময়গুলো খাচ্ছি গিলে বুঝলি না তার দাম,

এক সময়ে বুঝবি তোরা ভুলবি নিজের নাম l

≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র)

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ জলছবিটা উল্টো ছিল, মনটায় শৈশব আনন্দের গাজনের মেলা, ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *