মিথ্যাচার -অশোক কুমার পাইক

মিথ্যাচার

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞

উন্নয়ণের কথা নেই নেতাদের কাদা ছোড়াছুড়ি

মিথ্যা ভাষণে অপাঙতেয় ভ্রান্ত কথার ফুলঝুরি,

মঞ্চের উপর দাঁড়িয়ে কেন সদা ব্যক্তি আক্রমণ ?

বোবা জনতার মুখে আজও শুনিনি তার বারণ l

নেতা হোক, মন্ত্রী হোক, কারও মুখে নেই রোধ,

অশ্রাব্য, কুৎসিত ভাষায় প্রতিপক্ষের নেয় শোধ ;

ভদ্রতা আর শালীনতা যাদের নেই কোনোদিন

তাদেরই আমরা নেতা নির্বাচিত করি সর্বাঙ্গীন l

নিয়মকানুন, শিষ্টাচারের তোয়াক্কা করেনা কেউ

আবোলতাবোল, ভাট বকা,শুধু সংলাপের ঢেউ ;

মিথ্যার হাঁড়িকাঠে মাথা বাড়াও দুর্ভাগা জনগণ

কেন অবাধ্য শিশুর মতন শোনো অসত্য ভাষণ ?

তোমরা কি দাসখত লিখে দিয়েছ ওদের কাছে ?

ওদের জন্য তোমাদের কি বা দায়বদ্ধতা আছে ?

তোমাদের পাওনা হিসাব বুঝে পেয়েছ কখনো ?

প্রতিদিন সুদীর্ঘ মিছিলে হাঁটো, অজ্ঞতা এখনো ?

এখানে সেখানে ছড়িয়ে দেখো ধ্বংস, অনুন্নয়ণ,

ওরা নজর দেয় না, তোমরা কি অন্ধ অবচেতন ?

মিথ্যার বুলি শুনতে শুনতে হও যেন জড় স্থবির

এতই যদি বাকরুদ্ধ,মিছিলে কেন অশান্ত অধীর ?

কারা মিথ্যাবাদী, কারা সত্যবাদী, সমাজে থেকে,

প্রশ্নের উত্তর খুঁজি, প্রত্যেকেই মৌন মুখটা ঢেকে ;

আশার ছলনে জনগণ লোলুপ মিথ্যুকের কবলে

ঝাঁপ দেয়,ছুটে মরে,নেতা মন্ত্রীর বিষাক্ত ছোবলে l

উন্নয়ণের প্রশ্ন যখন করবে একে অপরের দোষে

যত অঙ্গীকার ভঙ্গ হয়েছে ওই বিরোধীদের রোষে,

যাদের কাছ থেকে অনেক কিছু প্রাপ্য ছিল দেশে

সেই সব নেতারাই বিবেক ভাষা হারায় অবশেষে l

∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

অনুরাগ অভিমান -সিরাজুল ইসলাম মোল্লা

অনুরাগ অভিমান -সিরাজুল ইসলাম মোল্লা ≈≈≈≈≈≈≈≈ যতই বাঁকা চোখে রাগাও পাশে পাশেই থাকবো, যতই রাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *