স্বপ্ন কন্যা
-সিরাজুল ইসলাম মোল্লা
∞∞∞∞∞∞∞∞∞∞
এ দু’চোখ দেখেছে তার নীল চোখ ওই পথের ধারে,
দাঁড়িয়ে হাসছিল কাশফুলের সাথে যে নদীর পাড়ে।
অপলক চোখ বলে, তারে চেনা চেনা লাগে ভুবনে,
কোন মায়ায় কোন টানে ছুটে হৃদ হারায় তার সনে।
হৃদয় বলে জানি না কখন যে তারে বেসেছি ভালো,
জনম জনম সে যে আমার আঁধার জীবনে আলো।
কতবার ঘুমের ঘরে এসেছে সে স্বপ্নে স্বপ্নপরী হয়ে,
দিবারাতে দু’নয়নে মন ও মননে ভাসে যে মগ্ন হয়ে।
হয়নি কথা কোন, হয়নি দেখা আর কভু তার সাথে,
কে গো স্বপ্ন কন্যা, কোন কাননের ফুল ভাবি রাতে।
আমি কি তার প্রেমে পড়েছি না প্রেম আমায় ডাকে,
অজানা কারে অন্তরে চিরদিনের চেনা ছবি আঁকে।
খোঁপার ফুল কেন ছুড়ে ফেলি গেলে হাতের ইঙ্গিতে,
প্রতীক্ষিত সে ফুল তুলে আনি সযত্নে রাখি দানিতে।
রূপের ঝলকে পলকে স্তব্ধ আমি কোথা হতে এলে,
বিমূর্ত আমি বারবার ফিরে আসি দেখা পাবো বলে।
আজ ভালোলাগে না কিছুই, খুঁজে ফিরে মন তারে,
কে গো স্বপ্ন কন্যা দাও না দেখা স্বপ্ন হতে মম দ্বারে।
আশায় বাঁধি বুক নিরাশার যাতনায় সব বন্ধুর হলে,
সে তো স্বর্গদেবী মম প্রেমী আসবে ফিরে হৃদ বলে।
মায়াময়ী মেঘদেবী কই লুকিয়ে গেলে মেঘের ঢলে,
কে গো স্বপ্ন কন্যা, এসো তবে যদি প্রেম কথা বলে।
কভুও যদি না হয় দেখা, হবো চিরকুমার হতে হলে,
মরণে হবে না সাধিত প্রেমের সমাধি যদি না এলে।
∞∞∞∞∞∞∞∞∞∞
সংক্ষিপ্ত পরিচিতিঃ
কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন