খুঁজে চলেছি
-সিরাজুল ইসলাম মোল্লা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কত কাল ধরে খুঁজে চলেছি আজও ভালো মানুষ,
আজও পাইনি তারে যে সত্যপূজারী বিশুদ্ধ মানুষ।
সত্যপথ ভালোবেসে দিতে পারে জীবন কোরবানী,
আজও পাইনি সেই সত্য ধারক বাহক সত্যসন্ধানী।
যার ভিতরে বাহিরে নাই আত্মকেন্দ্রিক স্বার্থপরতা,
কোথা সেই আশার বাতিঘর কবে জাগবে সভ্যতা।
নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়ে গেছে প্রতিটি চিন্তন,
একে অপরকে ঠকিয়ে অমানুষ সবে করে ক্রন্দন।
নষ্ট হয়ে গেছে নৈতিকতা কথা বলে ছলে কৌশলে,
সত্য চাপা পড়ে পড়ুক, স্বার্থ চায় সবে তার দখলে।
শিষ্টাচার হারা এই ধরা এখন তো আগের মত নাই,
কোথা একজন সত্যবাদী মানবতাবাদী খুঁজে পাই?
সর্বত্র ভীরু আর চাটুকারের ফাঁদে সুখ-শান্তি ঝরে,
শ্রেষ্ঠত্বের দাবিদার নিঃস্বার্থবাদ সত্যবাদ কোথারে?
ধার্মিক বলি শিক্ষক বলি চিকিৎসক বলি চৌকসে,
অমানুষ বলি কারে সবাই তো মানুষরূপী নির্দোষে।
চাহিদার ভিড়ে সবে অসত্য ধরি লড়াই বড়াই করে,
মানুষ বলো কারে সব যে মানুষরূপে মুখোশ পরে।
কেউ করে বিচারে অবিচার সুযোগের অপব্যবহার,
কেউ নামাজ রোজা করে মানুষকে ঠকায় আবার।
কেউ অন্যের হক নষ্ট করে যাকাত ফিতরা বিলায়,
স্বার্থে কেউ আধা সত্য বলে আধা সত্য চেপে যায়।
কী বলি যদি ধর্ম কর্ম করে আবার হক বিনষ্ট করে,
যদি মানবসেবা করে অন্যের অর্থ বিত্ত লুন্ঠন করে!
কত অন্যায় অসত্যের তৎক্ষণাৎ হয় না প্রতিফলন,
যায় না বলা যায় না চেনা কে সাধু কে তস্কর ভুবন।
ষড়রিপু পঞ্চইন্দ্রিয় নিয়ে দাবি করতে পারো মানুষ,
বুঝো কী সর্বদা সবে অজ্ঞাত আত্মপ্রবঞ্চিত-বেহুশ।
কেমনে করি বিশ্বাস বোঝেনা আজও দ্বিধান্বিত মন,
রহস্য আবৃত বলে যে যার মতে করে বিশ্বাস ধারণ।
দুঃখ একটাই মানুষ যতটা ধর্মের বাণী প্রচার করে,
ততটাই সত্যের বাণী হকের বাণী নীরব চাপা পড়ে।
চাই না ভণ্ড ধার্মিক ভণ্ড প্রেমিক ভণ্ড সাধক সেবক,
চাই সততা সত্যতা নৈতিকতা মানবতার ভূপ্রচারক।
নয় সত্য বিহীন বন্দেগী সাধন নয় প্রেম বিহীন ধরা,
হোক আদ্যন্ত সততা সত্যতা নৈতিক মানবতা ভরা।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি=
সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন