আঁধার নামে
-অশোক কুমার পাইক
∼∼∼∼∼∼∼∼
কী যেন আঁধার ঘনিয়ে আসছে দিগন্ত জুড়ে
পশ্চিমে হেলে পড়ে নীল গগনের রক্তিম সূর্য,
নেই কোন তেজের অভিসন্ধি দেয়াল ফটকে
ধরণী শীতল ছায়াতে ঢাকে ঐ আঁধারের তুর্য l
নিদাঘ বৈশাখের তপ্ত মাটিতে গোধূলি নেমে
গোয়ালে ফেরায় মাঠের গরু আর রাখালের —
আদিম সভ্যতা আজও প্রবাহমান ধরণীতে,
পাখিরা কুলায় ফেরে সন্ধ্যার রঙ আকাশের l
দাঁড়বেয়ে ঐ মাঝিরা ঘাটে ফেরে বেলাবেলি
দেবশিশুরাও সাঙ্গ করে দৌড়াদৌড়ির খেলা,
নীল আকাশে ধীরে ধীরে ফোটে সন্ধ্যাতারা
বিবর্ণ গাছের পাতার রঙ সূর্য ডোবার বেলা l
কোন কুলবধূ কলস ভরায় ভরা সন্ধ্যাসাঁঝে,
হাতের কাঁকন সাড়া শুনে যায় পথেরই পান্থ,
শর্মাদীঘির টলমলে জল কৃষ্ণ আঁধার নামে,
ডুমুর গাছে উড়ে বসে পেঁচা শিকারেতে ক্লান্ত l
পুবের মাঠে বসে আমি আকাশের তারা গুনি
আঁধারের কেশও জড়ায় আমার সারা অঙ্গে,
ছন্নছাড়া দেউলেতে মিটিমিটি দেউটি জ্বলে
তিন চারটে ফিঙে পাখি উড়ে যায় একসঙ্গে l
∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন