দ্যুলোকের পথে একদিন -নাইমুর রহমান সোহাগ

দ্যুলোকের পথে একদিন

-নাইমুর রহমান সোহাগ

∼∼∼∼∼∼∼∼∼∼

একদিন যাবো আমি দ্যুলোকের ডাকে,

মাটির এই ঘর ছেড়ে নীরব আকাশের ফাঁকে,

যেখানে দুনিয়ার শৃঙ্খল আর টানবে না পিছুটানে।

এই বদ্ধ ঘর—মায়া, মোহ, ক্ষণিকের আবাস,

যেখানে হাসির আড়ালে জমে নীরব হতাশ,

তবু এটুকুই ছিল পরীক্ষা—রবের এক উপবাস।

হয়তো সেই ভ্রমণ হবে এক অনন্ত সফর,

যেখানে ফেরার টিকিট নেই, নেই কোনো ঘর-দোর,

শুধু আমলনামা সাথী—আর রবের রহমতের ভর।

যেদিন উঠবে পর্দা, খুলবে অদেখা দিগন্ত,

দ্যুলোকের পানে ডাকবে এক স্নিগ্ধ আলোককান্ত,

সেদিন বুঝবো—দুনিয়া ছিল কেবল ক্ষণিক প্রান্ত।

এই জীবনের প্রতিটি শ্বাস একেকটি আমানত,

প্রতিটি কাজের হিসাব লেখা, অদৃশ্য এক হিকমত,

পাপ-পুণ্যের মাপকাঠিতে গড়ে চূড়ান্ত বাস্তবতা।

তাই আজও আমি পথ চলি অন্তরের সংশোধনে,

নামাজের সিজদায় রাখি অশ্রু নিভৃত প্রার্থনায় গোপনে,

হয়তো সেই দ্যুলোক হবে আমার চির শান্তির সোপানে।

একদিন যাবো—নিঃশব্দে, কারো ডাকে নয়,

ফেরার আকুতি থাকবেনা, থাকবেনা কোনো ভয়,

কারণ জানি, দ্যুলোকেই মিলবে আত্মার চিরস্থায়ী আশ্রয়।

∼∼∼∼∼∼∼∼∼∼

সংক্ষিপ্ত পরিচিতি:

লেখক নাইমুর রহমান সোহাগ ১৯৯৭ সালের ২৬ জুলাই ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এক গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মা বাবার একমাত্র এবং বড় ছেলে৷ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন৷ বর্তমানে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিবন্ধনের মাধ্যমে জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়, দাগনভুঞা, ফেনীতে সহকারী শিক্ষক জীববিজ্ঞান পদে কর্মরত আছেন ।

Check Also

ব্রহ্মকমল -অর্জুন ত্রিপুরা

ব্রহ্মকমল -অর্জুন ত্রিপুরা ≈≈≈≈≈≈≈≈ শুনো মেয়ে! একটি কথা, নাম কি তোমার বলবে? নিয়ে যাও একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *