হে জননায়ক
-অশোক কুমার পাইক
∼∼∼∼∼∼∼
এসো হে এসো জননায়ক রক্ত রাঙানো ভূমিতে
তোমার প্রতীক্ষায় বসে আছি চরণ ধূলি চুমিতে,
এখানে নিবিড় অন্ধকার ঢেকে আছে আমাদের,
তোমার উজ্জ্বল উপস্থিতিই জ্বলুক আলো ফের l
নিয়ত রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন মুক্তিসূর্য নেই,
মুক্তির পদলেহনে দলিত, ঘৃনিত প্রতিবেশী সেই,
এখানে অন্যায় অবিচারে লক্ষ মানুষেরা বিধ্বস্ত,
লুটেরার মুক্তাঞ্চল, জঙ্গলরাজে দীর্ণ, সহস্র ধূর্ত —
এ মাটির পরে খুনোখুনি করে নির্ভয়ে, নির্দ্বিধায়,
রক্ত ও গণকবরের উপর আমরা হাঁটি নিরুপায় !
জমির ফসল কেড়েছে ওরা, পুড়িয়েছে ঘরবাড়ি,
মাছের পুকুরে মিশিয়েছে বিষ নির্মম নির্দয় ভারি ;
দুগ্ধবতী গোয়ালের গাভী, চোখের সামনে থেকে
ওরা খুলে নিয়ে গেছে, আমরা অতি দুর্বল দেখে l
কত নারীর নারীত্ব, পিচাশেরা দর্পে করেছে হরণ
ওদেরই অপরাধ ঢেকে দিত আইন আর প্রশাসন l
ওদের দুর্ভেদ্য শিকলে লক্ষ জনতা বাঁধা পড়েছি
ভয়ে ভয়ে অবনত মস্তকে অবাধ্যতার পা ধরেছি l
হিংস্র ভক্ষকের রাজত্ব আর সেই সহস্র কারবারি —
মৃতের স্তুপের উপর স্বর্গরাজ্য বানায় সারি সারি l
ওদের সেই সীমাহীন লুটপাট আর ভয়ঙ্কর সন্ত্রাস
বীভৎস রূপ দেখেছি আমরা, ফেলেছি দীর্ঘশ্বাস !
কত যে গ্রাম অবরুদ্ধ রাখে সন্ত্রাস বেষ্টনী রোজ,
হে জননায়ক, তোমাকেই আমরা করেছি খোঁজ,
মুক্তির সংগ্রামে তোমাকে দেখেছি প্রথম সারিতে
দুঃসাহসিক, অগ্নিস্ফুলিঙ্গ তেজ, দুর্জয় পাড়িতে —
এ দেশে শত্রুর দুর্ভেদ্য প্রাচীর ভেঙেছ নির্বিশেষে
হে জননায়ক, আমরা পীড়িত, ত্রস্ত, বাঁচাও এসে l
∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন