গলিত সূর্যশিখা
-অশোক কুমার পাইক
≈≈≈≈≈≈≈≈≈
গলিত সূর্যশিখা ঝরে পড়ে বিশ্ব ধুলিতে
নিয়মের ব্যতিক্রম নেই কর্তব্যে অবিচল,
নীরবে নিশ্চুপ হয়ে সবই দান দেয় ঢেলে
অনন্ত, অসীম ভাণ্ডারে, মৌনরূপ সম্বল l
নিজেরে তবুও ক্ষয় করে না দীপ্তি মেলে
প্রকান্ড অগ্নিপিন্ড আলোকসজ্জিত রূপ
দিগন্ত প্রসারিত ধরণীর বুকে পড়ে ক্ষয়ে
তারই শিখা সৌন্দর্যে মাধুর্যময় অন্ধকূপ l
অপূর্ব শিখা ছড়ায়ে এই ধরণীতে মাতায়
জীবন্ত হয়ে ওঠে প্রকৃতির নবরূপে খেলা,
বিশ্বচরাচর সজীব হয় পূর্ণ শিখার তেজে
রঙে রঙে রঞ্জিত, শুরু থেকে সারাবেলা l
তারই শিখাতে স্বাদ পায় মানুষ ও প্রকৃতি
জীবজন্তু, প্রাণীকুল ব্যতিক্রম নেই কারও
কোটি কোটি যুগ ধরে শুধু সূর্যের তপস্যা
আঁধার ঘুচায়ে ধরে কিরণ ঢালুক আরও l
সূর্যের সেই নরম প্রভাতী আলোক শিখায়
উজ্জীবিত বৃক্ষ, তরুলতা, প্রস্ফুটিত ফুল,
গোধূলির শেষ লগনে রক্তিম সিঁদুরের টিপ
বিবর্ণরূপ ঢেকে ফেলে সারা জগতের কুল l
≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন