নারীর প্রেম
-রবিন রায়
≈≈≈≈≈≈≈≈
নারীর প্রেম শ্বেত স্নিগ্ধ চাঁদের আলো,
অনুভবে লাগে ভালো ;
আলতো শীতল ছোঁয়া প্রাণ জুড়ানো,
আবেশে মন ভরানো।
মুগ্ধিত জ্যোৎস্না প্রেমে জগত ভাসায়,
সুগন্ধি বেলি,রজনীগন্ধায় ;
জাগলে পরে জীবন গগনে মৃদু হেসে,
আঁধার ঘোচে আপোষে।
চলতে পথ মিষ্টি লাগে থাকলে বরাতে,
চোখেচোখে চাঁদের সাথে;
নিদ্রা মগ্ন ও বেরসিকে খাটে না জোর,
জানে জোছনা পায়ী চকোর।
রসপ্রিয় নিশাচর প্রেমিকের কাঙ্খিত সুধা,
মেটায় আবেগের ক্ষুধা ;
মত্ত প্রেমে রজতশুভ্র আকুতি নিঃসরণে,
ধন্য করে জীবন ভরনে।
ভাব ব্যতীত বাস্তবে দেখা মেলে ভিন্ন রূপ,
কক্ষপথের বিচ্যূতি বিদ্রূপ ;
রবির মতো যতটুকু কিরণ দেবে প্রজ্বলনে,
ততটুকুই পাবে প্রতিফলনে।
বিশেষ জ্ঞানে ধ্যান দিলেই থাকে না সত্তা,
চাঁদের চাঁদনি চির মিথ্যা ;
শশী রবির এক গ্রহাণু, প্রতিফলক মাত্র,
শোষণের উপরি দাত্রী গাত্র।
প্রার্থনায় এই অনুনয়,ভুল বুঝোনা আমায়,
জেনো উভয়ই সত্য নিশ্চয় ;
আমি ডুবে দেখেছি,ভেবে হয়েছি বিস্ময়,
বিশ্লেষণে প্রোটন কণার ক্ষয়।।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি ঃ—-
ছড়াকর, কবি ও সাহিত্যিক সম্মানিত এবং শ্রদ্ধেয় গুণী কবিবর রবিন রায়, অধুনা পশ্চিম বঙ্গের অন্তর্গত উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামের নিবাসী। তিনি বহু মানসম্মত ও উৎকৃষ্ট লেখার মাধ্যমে নিজেকে প্রজ্জ্বলিত করেছেন। উনার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। তবে বাঙালি ঘরে জন্ম সূত্রে বাংলা ভাষা এবং বাংলা কবিতার প্রতি সুতীব্র আকর্ষণে বাংলা সাহিত্যকে ভালোবাসেন।
সেই অপার কবিতা প্রেম থেকেই তাঁর এই লেখালেখির মাধ্যম বেছে নেওয়া। তাঁর লেখায় পাঠকবৃন্দের অভিমত এবং গঠনমূলক মন্তব্য প্রদানের আর্জি রাখেন।
পাঠক মহলের হৃদয় স্পর্শ করতে পারলেই তিনি প্রচেষ্টায় সার্থক এবং ধন্য হন। সকল মাননীয়, শ্রদ্ধেয় এবং প্রণম্য সম্পাদক, পাঠক ও সমালোচক গণকে কলমধারীর কুর্নিশ রইলো সতত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন